নিজস্ব প্রতিনিধি:
সংসদ নির্বাচন সামনে রেখে একটি কর্মপরিকল্পনা তৈরি করে কমিশনে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই সেই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এনআইডি সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, যেসব আবেদন প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারাদেশে প্রায় ৮০ হাজার আপিল জমা হয়েছে। ইসির মতে, ডাটা এন্ট্রি আরও নিখুঁত হলে আপত্তির সংখ্যা কমে আসবে।ভোটকেন্দ্র নিয়ে তিনি বলেন, নতুন কেন্দ্র বাড়ানো হবে না। বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। বর্তমানে প্রতি ৫০০ ভোটারের জন্য একটি বুথ থাকলেও ভবিষ্যতে তা ৬০০ জনের জন্য করা হতে পারে।
রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি জানান, ২২টি রাজনৈতিক দলের আবেদন মাঠপর্যায়ে যাচাই-বাছাই চলছে। যাদের আবেদন বাতিল বা গ্রহণযোগ্য নয়, তাদের চিঠি দিয়ে সুনির্দিষ্ট কারণ জানিয়ে দেওয়া হচ্ছে। কোন শর্ত পূরণ না হওয়ায় আবেদন বাতিল হয়েছে, সেটিও স্পষ্ট করে উল্লেখ করা হবে।সীমানা নির্ধারণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাখিল হওয়া ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে টানা চার দিন চলবে। শুনানি শেষে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
