গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে নাজিরপুর ডিগ্রি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) কলেজ অডিটোরিয়াম কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন, নাজিরপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ মুরাদ লাবু।
সভাপতির বক্তব্যে ওয়াহেদ মুরাদ লাবু বলেন, “গুরুদাসপুর উপজেলায় যদি একটি কলেজও সরকারিকরণ হয়, তাহলে সেই কলেজটি হবে নাজিরপুর ডিগ্রি কলেজ।” তিনি বলেন, নাজিরপুর ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলেজটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নাজিরপুর ডিগ্রি কলেজকে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষকরাই একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনের কারিগর। একজন শিক্ষকের আদর্শ ও শিক্ষা একজন শিক্ষার্থীর পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাজিরপুর ডিগ্রি কলেজের প্রভাষক (মনোবিজ্ঞান) ও ‘মাস্টার একাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ রেজা।এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
