চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় সংঘর্ষের পর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় আজ বিকেল ৩টা থেকে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অস্ত্র বহন, পাঁচজনের বেশি মানুষের সমাবেশ ও যেকোনো জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে এক নারী শিক্ষার্থী তার ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ান তাকে মারধর করেন। পরে আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে গেলে দারোয়ান পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয়রা শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও স্থানীয়দের ডাকা হয় এবং তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। রাতভর সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন। এর পর থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে।
