ঘুমের সময় কি রূহ (আত্মা) শরীর থেকে বের হয়ে যায় ?

লেখক: বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

বিশেষ প্রতিবেদন:

হ্যাঁ, ঘুমের সময় রূহ আংশিকভাবে শরীর থেকে বের হয়ে যায়: “কুরআনে আল্লাহ তাআলা বলেন:> “আল্লাহই মানুষের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়ে, আর যারা এখনো মারা যায়নি, তাদেরও রূহ হরণ করেন ঘুমের সময়। তারপর যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে, তাদের রূহ তিনি রেখে দেন, আর বাকিদের রূহ নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে।”— (সূরা আয-যুমার, আয়াত ৪২) আরেক স্থানে আল্লাহ বলেন:> “তিনিই রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমাদের কাজকর্ম জানেন। পরে তিনি দিনে তোমাদের জাগ্রত করেন, যাতে তোমরা নির্ধারিত সময় পূর্ণ করতে পারো। এরপর তাঁর কাছেই তোমাদের ফিরে যেতে হবে এবং তিনি তোমাদের সকল কাজের খবর জানিয়ে দেবেন।”— (সূরা আল-আন‘আম, আয়াত ৬০)

একবার একটি সফরে রাসূলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবিরা গভীর ঘুমে ছিলেন। সূর্যের আলো গায়ে লাগার পর সবাই জেগে ওঠেন। তখন রাসূল (সা.) বললেন:> “তোমরা মৃত ছিলে, আর আল্লাহ তোমাদের রূহ তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাই যদি কেউ ঘুমিয়ে সালাত মিস করে, তবে জেগে উঠেই তা আদায় করে নেবে। আর কেউ ভুলে গেলে, স্মরণ হলে সঙ্গে সঙ্গে আদায় করবে।”— (মুসনাদে আবূ ইয়ালা, সিলসিলা ছহীহাহ)তবে রূহ কীভাবে বের হয়, তা কুরআন বা হাদীসে বিস্তারিত বলা হয়নি। ইমাম ইবনু রজব (রহ.) বলেন:> ঘুম ও মৃত্যুর সময় রূহ বের হওয়ার মধ্যে পার্থক্য আছে।

মৃত্যুর সময় রূহ পুরোপুরি শরীর থেকে বের হয়ে যায়, আর ঘুমের সময় আংশিকভাবে বের হয়। তখনও রূহের শরীরের সাথে এক ধরনের সংযোগ থাকে।— (ফতহুল বারী, খণ্ড ৩, পৃষ্ঠা ৩২৬)সারকথা, ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। আমাদের বিশ্বাস হলো— আল্লাহ ও তাঁর রাসূল (সা.) বলেছেন: “ঘুমের সময় রূহ গ্রহণ করা হয়।”আমরা সেটিকে ঈমানের সাথে মেনে নিই, কিন্তু কীভাবে বা কোন প্রক্রিয়ায় তা হয়, সে বিষয়ে জিজ্ঞাসা বা কল্পনা করি না।