ঘন্টায় ১০০ টি উল্কা বৃষ্টি, দেখতে পাবে বাংলাদেশ থেকেও।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রতি ঘণ্টায় প্রায় ১০০টি উল্কা আকাশে ছুটে যাবে, যা রাতের আকাশকে করে তুলবে মোহনীয়। ১২ ও ১৩ আগস্ট বাংলাদেশ থেকেও দেখা যাবে এই অনিন্দ্য সুন্দর দৃশ্য—পার্সাইড উল্কাবৃষ্টি।

এ বছর ১৩ আগস্ট ভোরের আগে এই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকেই এটি দেখা সম্ভব, তাই বাংলাদেশ থেকেও আকাশপ্রেমীরা উপভোগ করতে পারবেন এই মহাজাগতিক বিস্ময়।

পার্সাইড উল্কাবৃষ্টি ঘটে যখন পৃথিবী ধূমকেতু ১০৯পি/সুইফট-টাটল-এর ফেলে যাওয়া ধুলিকণার স্তরের মধ্য দিয়ে অতিক্রম করে। এই কণাগুলো খুব ছোট—বালির দানার চেয়েও ক্ষুদ্র—তবুও পৃথিবীর বায়ুমণ্ডলে সেকেন্ডে প্রায় ৫৯ কিলোমিটার গতিতে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে এগুলো মুহূর্তেই পুড়ে যায়, আর আমরা দেখি জ্বলন্ত উল্কার রেখা।

পার্সাইড উল্কাগুলো তাদের দীর্ঘ আলোকরেখার জন্য পরিচিত। মাঝে মাঝে এগুলো উজ্জ্বল “ফায়ারবল” তৈরি করে, যা রাতের আকাশে গ্রহগুলোর থেকেও উজ্জ্বল দেখায়।

তবে, এ বছরের একটি অসুবিধা হলো চাঁদের আলো। প্রায় ৮০% আলোকিত চাঁদ মধ্যরাতের আগে উঠবে এবং ভোর পর্যন্ত দক্ষিণ আকাশে থাকবে, ফলে অপেক্ষাকৃত ম্লান উল্কাগুলো দেখা কঠিন হতে পারে। তবুও উজ্জ্বল উল্কাগুলো সহজেই চোখে পড়বে। দেখলে মনে হবে যেন এগুলো পারসিয়াস নক্ষত্রমণ্ডলের ইটা পারসেই বিন্দু থেকে ছুটে আসছে। নতুন দর্শকরা চাইলে স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে এই নক্ষত্রমণ্ডলের অবস্থান খুঁজে নিতে পারেন।