নিজস্ব প্রতিনিধি:
খুলনায় ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের রায়ের মহল এলাকার মালেক সড়কে। এ ঘটনায় মদ প্রস্তুতকারী এবং কথিত হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলী (৭৮) কে আটক করেছে পুলিশ।শেখ মোসলেম আলী এলাকায় একজন পরিচিত হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। তার মালিকানাধীন “মাতৃশোধন হোমিও ফার্মেসি” নামে একটি ওষুধের দোকানও রয়েছে। কিন্তু গোপনে তিনি নিজের বাসায় বসেই বিষাক্ত মদ তৈরি করতেন।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে মালেক সড়ক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক।তিনি জানান, বৃহস্পতিবার (১২ জুলাই) মোসলেম আলীর কাছ থেকে মদ কিনে খুলনার আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার কয়েকজন সেই মদ পান করেন। মদ পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৩ জুলাই) রাতে একজনের এবং শনিবার (১৪ জুলাই) আরও চারজনের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার রাতে মোসলেম আলীকে গ্রেপ্তার করা হয়।পিবিআই সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই বিষাক্ত মদপানে খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মারা যান। তবে প্রথমে তার মৃত্যু স্বাভাবিক মনে করে মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকেলে বয়রা শেরের মোড়ের সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু এবং রায়ের মহলের মল্লিকবাড়ির সাজ্জাদ মারা যান।এছাড়া মদ পানে গুরুতর অসুস্থ হয়ে পড়া বয়রা দাসপাড়ার সনু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইভাবে অসুস্থ অবস্থায় আরও দুজন – উজ্জ্বল ও সাত্তার – খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি আছেন।
