নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ডাকা অবরোধকে ঘিরে সহিংসতায় গুলিতে নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতরা হলেন— গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের আথ্রাউ মারমা (২৪), লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা (২৬) এবং বটতলাপাড়ার থোয়াইচিং মারমা (২৪)।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গুইমারা থানা পুলিশের ওসি মো. এনামুল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ জানান, নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সহিংসতায় মোট ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্ত শেষ হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এদিকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আংশিক শিথিল করা হয়েছে।
ফলে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে।তবে খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
