অনেকের আপত্তির কারনে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের ম্যুরাল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

লালমনিরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত একটি ম্যুরাল স্বাধীনতা দিবসের দিন কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নিন্দা জানিয়েছে।

আজ বৃহস্পতিবার টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়। জানা গেছে, গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিমঞ্চের ম্যুরালটি ঢেকে রাখা হয়। এর আগেও গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে একই ধরনের ঘটনা ঘটেছিল।

ম্যুরালটিতে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের গঠন, মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের স্মৃতিচিহ্নসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা চিত্রিত রয়েছে। ২৬ মার্চ সকালে সনাকের সদস্যরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিষয়টি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান। পরে তারা লালমনিরহাট রেলওয়ে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

সনাকের সহ-সভাপতি সুপেন্দ্রনাথ দত্ত বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতীক এসব স্মৃতিচিহ্ন ঢেকে দেওয়া মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করার শামিল।’ একইভাবে, জেলা সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সুফী মোহাম্মদ বলেন, ‘যদি স্মৃতিচিহ্নটি অপ্রাসঙ্গিক হয়ে থাকে, তবে তা অপসারণ করা হোক। কিন্তু বিশেষ দিনে ঢেকে রাখা অনৈতিক।’

সনাকের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম বীরপ্রতীক জানান, ‘বায়ান্ন থেকে একাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই ম্যুরালে রয়েছে। এটি ঢেকে দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মেনে নেওয়া কঠিন।’

এদিকে, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানিয়েছেন, কিছু মানুষের আপত্তির কারণে এবং জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ম্যুরালটি ঢেকে রাখা হয়েছে। তবে এ ঘটনা তদন্তাধীন রয়েছে।