কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ার মো. ইউসুফের একমাত্র ছেলে আনাস গতকাল ২০ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি।
রাতে বাড়িতে বিয়ের আয়োজন চলাকালে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল।
পরে গুরুতর আহত অবস্থায় আনাসকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, যেদিন তার বিয়ে হয়েছিল, সেদিন রাতেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। বিয়ের আনন্দের ঘর মুহূর্তেই পরিণত হয়েছে শোকের ঘরে।
