নিজস্ব প্রতিনিধি:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। সর্বশেষ হামলায় নিহত হয়েছেন আরও ১৩৮ ফিলিস্তিনি।তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) গাজায় ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ৭৭১ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ১৫৮ জন এবং আহত ১ লাখ ৫১ হাজার ৪৪২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৮৭ জন এবং আহত ৫৭০ জন। শুধুমাত্র ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৬৫৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ৮০০ জন।এছাড়া অপুষ্টি ও অনাহারের কারণে গত এক দিনে মৃত্যু হয়েছে ৫ জনের, যার ফলে এই কারণে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে, যাদের মধ্যে ৯৬ জনই শিশু।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান রয়েছে।
