নিজস্ব প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনীতে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চার হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার জন সরাসরি নিয়োগ পাবেন এবং অপর দুই হাজার জনকে পদোন্নতির মাধ্যমে এএসআই করা হবে।বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার আসন্ন জাতীয় নির্বাচনকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায়। এজন্য মাঠ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার করে জানান, জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ ও বদলির ক্ষেত্রে লটারির নিয়ম অনুসরণ করা হবে না।
