‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার প্রতুল মুখোপাধ্যায় আর নেই। ৮৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর আগে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা তার মৃত্যুর খবর নিশ্চিত করে। জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, হার্ট অ্যাটাকের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে যান।

প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪২ সালের ২৫ জুন, অবিভক্ত বাংলার বরিশালে। তার বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন শিক্ষক। দেশভাগের পর তারা ভারতে চলে আসেন। শৈশব থেকেই কবিতা ও গানের প্রতি তার গভীর ভালোবাসা ছিল।

তার অসংখ্য সৃষ্টির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান “আমি বাংলায় গান গাই”, যা বাংলা ভাষাভাষী মানুষের কাছে এক অনন্য আবেগের প্রতীক হয়ে আছে। এছাড়া “ডিঙা ভাসাও সাগরে”, “আলু বেচো”, “ছোকরা চাঁদ”, “তোমার কি কোনো তুলনা হয়”, “সেই মেয়েটি”, “ফেব্রুয়ারির একুশ তারিখ” সহ অনেক গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

হাসপাতালে থাকাকালীনও চিকিৎসকদের নিজের গান শোনাতেন তিনি। বাংলা গানের জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার সৃষ্টি যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হবে তার গান।