নিজস্ব প্রতিনিধি:
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি কার্যকর হয়েছে। আজ রোববার (০৫ এপ্রিল) থেকে এ সময়সূচি অনুসারে দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে সরকার।প্রজ্ঞাপন অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচিই কার্যকর থাকবে।এতে বলা হয়েছে, জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির বাইরে থাকবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়ও একই রাখা হলেও গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত—এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।
আদালতের সময়সূচি নির্ধারণে সর্বোচ্চ আদালত আলাদা নির্দেশনা দেবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।
