অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য সরকার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। তাদের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় এসে পৌঁছাবে।

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় স্ট্যানস্টেড থেকে রওনা দিয়েছে এবং শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।হাইকমিশনের কনসুলার শাখা এসব অভিবাসীদের দেশে ফেরাতে ট্রাভেল পারমিট ইস্যু করেছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ আবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করেছেন।

তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বাসিন্দা। তালিকায় নারী অভিবাসীরাও রয়েছেন।তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ফেরত পাঠানো ১৫ জনের মধ্যে ৬ জনের পেশা সংক্রান্ত কোনো তথ্য নেই। অন্যরা কেউ রেস্টুরেন্টে কাজ করতেন, কেউ বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে নিযুক্ত ছিলেন, এমনকি একজন শিক্ষার্থীও রয়েছেন।

যুক্তরাজ্য বর্তমানে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব অভিবাসীকে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে।এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং এই ফেরত পাঠানো তারই অংশ।”