অপহরণকারী সন্দেহে ভারতে বাংলাদেশি পিটিয়ে হত্যা ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতের মেঘালয়ের খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আকরাম, তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি এলাকার বাসিন্দা।সোমবার চিকিৎসাধীন অবস্থায় মেঘালয়ের একটি হাসপাতালে আকরামের মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

স্থানীয় পুলিশ জানায়, গত শুক্রবার আকরামসহ ছয়জন রংডাংগি গ্রাম থেকে এক দোকানদারকে অপহরণের চেষ্টা করে। পরে এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করে। আহতদের হাসপাতালে নেওয়া হলে আকরাম সেখানে মারা যান।

দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে, আর বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।