৫৭ বিদ্যালয়ে পাস করেনি একজনও।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নিজস্ব প্রতিনিধিঃ

এবার এসএসসি পরীক্ষায় দেশের ৯টি শিক্ষা বোর্ডের ৫৭ বিদ্যালয়ে একজনও পাস করেনি। গত বছর এর সংখ্যা ছিল ৪৮টি।সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষিত ফলাফলে এ তথ্য উঠে আসে।ফলাফলে দেখা যায়, এবার এসএসসিতে পাস করেছে ৬৪.০৫ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৭. ৯১ শতাংশ ও ছাত্র ৫৯.৭৩ শতাংশ। দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে।আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুননিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।