হোসেনপুরে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলনড্রেজার জব্দ থানায় মামলা।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১০ মাস আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের অভিযানে প্রায় দুই কোটি টাকার একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া এলাকায় দিন-রাত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল।

এতে ওই চক্রের অর্থনৈতিক লাভ হলেও ঝুঁকিতে পড়েছে আশপাশের সেতু, কালভার্ট, বসতবাড়ি, গাছপালা ও ফসলি জমি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন হোসেনপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। অভিযানের খবর পেয়ে বালু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে জব্দ করা ড্রেজারটি স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। এ ঘটনায় এসি ল্যান্ড অফিসের একজন কর্মচারী বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”