স্টার্কের পর আইপিএলকে ‘না’ করে দিলেন ডু প্লেসিও।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দিল্লি ক্যাপিটালস আবারও বড় ধাক্কা খেল। মিচেল স্টার্কের পর ফাফ ডু প্লেসিও জানিয়েছেন যে তিনি আইপিএল-২০২৫ আসরে আর খেলবেন না।দক্ষিণ আফ্রিকার তারকা এই ব্যাটসম্যান আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটারের পাশাপাশি আরেক প্রোটিয়া ডোনোভান ফেরেইরাও একই পথে হেঁটেছেন। এর আগে দিল্লির অস্ট্রেলিয়ান টপঅর্ডার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও আইপিএলের এই আসরের বাকি অংশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এসব বিদেশি ক্রিকেটারদের হারিয়ে দিল্লি চাপের মুখে পড়েছে।পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহ স্থগিত থাকার পর আগামীকাল শনিবার (১৭ মে) আইপিএল টুর্নামেন্ট পুনরায় শুরু হবে। বাকি অংশের খেলা শুরু হওয়ার আগেই দিল্লি বিদেশি ক্রিকেটার হারাতে শুরু করেছে। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লিতে এখন মাত্র ৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন সিদিকুল্লাহ আতাল, ত্রিস্তান স্টাবস ও দুষ্মান্ত চামিরা। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান যোগ দিলে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে ৪। এই পরিস্থিতিতে দিল্লির হাতে বিদেশি খেলোয়াড় প্রায় নেই বললেই চলে। তাই তাদের আরও কিছু পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার দিকেই হয়তো ঝুঁকতে হবে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলদের দিল্লি সেই সুযোগ কাজে লাগাতে চাইবে।

এমএইচ/এমএস