নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরব আরও দুটি মদের দোকান চালুর পরিকল্পনা করেছে। এর একটি স্থাপন করা হবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান কম্পাউন্ডে, যেখানে শুধু অমুসলিম বিদেশি কর্মীরা প্রবেশ করতে পারবেন। অন্যটি খোলা হবে জেদ্দায় কনস্যুলেটসমূহের কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।এ উদ্যোগকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেওয়া চলমান সংস্কার প্রক্রিয়ার বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্বে সৌদি আরব ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করছে।গত বছর রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান খোলা হয়েছিল, যেটি কূটনৈতিক মহলে ‘বুজ বাঙ্কার’ নামে পরিচিত। সৌদিতে ৭৩ বছর আগে মদের দোকান নিষিদ্ধ করা হয়েছিল।
ধাহরানে নতুন দোকানটি আরামকোর একটি নিজস্ব কম্পাউন্ডে স্থাপন করা হবে, যেখানে কেবল অমুসলিম বিদেশি কর্মীরা কেনাকাটার সুযোগ পাবেন। আর জেদ্দার দোকানটি চালু হবে বিভিন্ন কনস্যুলেটের কূটনীতিকদের জন্য।দুটি দোকানই ২০২৬ সালে চালু হওয়ার কথা, যদিও এখনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম বিভাগ বা আরামকো কেউ কোনো মন্তব্য করেনি।রিয়াদের দোকানটিতে সম্প্রতি অমুসলিম ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ধারীদেরও গ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে। দেশটিতে বড় বিনিয়োগকারী ও বিশেষ দক্ষ ব্যক্তিদের এমন রেসিডেন্সি দেওয়া হয়।রিয়াদে স্টোর চালুর আগে কূটনীতিকরা তাদের ব্যাগেজের মাধ্যমে বা কালোবাজার থেকে অ্যালকোহল সংগ্রহ করতেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই সীমিত পরিসরে অ্যালকোহল বৈধ।
যদিও অধিকাংশ সৌদি নাগরিকের জন্য অ্যালকোহল এখনও নিষিদ্ধ, তারপরও বিন সালমানের সামাজিক সংস্কারের অংশ হিসেবে সিনেমা, কনসার্ট, মরুভূমির ড্যান্স ফেস্টিভ্যালসহ নানা বিনোদনের সুযোগ উন্মুক্ত হয়েছে। নারীদের গাড়ি চালানো ও নারী–পুরুষের যৌথ জনসমাগমেও এখন আগের মতো কড়াকড়ি নেই।এ সব উদ্যোগই নেওয়া হয়েছে অর্থনীতিকে বহুমুখী করা, পর্যটন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য থেকে।সম্প্রতি একটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়, ২০৩৪ বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রি অনুমোদনের পরিকল্পনা করছে সৌদি সরকার। তবে সৌদি কর্তৃপক্ষ তখন এ দাবি অস্বীকার করেছিল। এরপরও বিষয়টি অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বিদেশি পর্যটক আকর্ষণে অ্যালকোহল নিষেধাজ্ঞা শিথিল করা হবে কিনা—এ বিষয়ে জানতে চাইলে সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন,“আমরা জানি অনেক আন্তর্জাতিক পর্যটক অ্যালকোহল চান, তবে এখনো কোনো পরিবর্তন হয়নি।”ভবিষ্যতে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন,“এটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান, করতে পারেন।”—
