শুধু নির্বাচনের জন্য এতো মানুষ জীবন দেয়নি : আসিফ মাহমুদ

লেখক: মোঃ নাহারুল ইসলাম
প্রকাশ: ২ years ago

এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে সংষ্কার কার্যক্রমগুলো পরিচালনা করা।কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক শহীদ প্রাণ দেননি ২০ হাজারের বেশি মানুষ আহত হননি বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন- সমবায় এবং যুব ও ক্রীড়া মমন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আপনারা জানেন, গণ অভ্যুত্থানের ১ দফা ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা বুঝি, স্বৈরাচারী ব্যবস্থায় অর্থনৈতিকসহ এ দেশের প্রায় সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। এ অবস্থায় ১ দফা বাস্তবায়নের জন্য সংষ্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক শহীদ প্রাণ দেননি ২০ হাজারের বেশি মানুষ আহত হননি। শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংষ্কারের কথা বলছেন। এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে আমরা সংষ্কার কার্যক্রমগুলো করবো । সে লক্ষ্যে ৩ মাস আগে কমিশনগুলো করে দেয়া হয়েছে, এসব প্রস্তাবনা ও সুপারিশ পেলে আমরা প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার উদ্যোগ নেবো এবং তারপর নির্বাচনের দিকে যাবো।