শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে এনসিপির আবেদন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক অনুমোদনের আবেদন জানিয়েছে। এ জন্য ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের প্রস্তাবও দিয়েছে দলটি।বুধবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।এনসিপি জানায়, মাঠপর্যায়ের সব যাচাই-বাছাই শেষ হওয়ার পর নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তবে ২০ সেপ্টেম্বর কমিশনের সিনিয়র সচিব গণমাধ্যমকে জানান, শাপলা প্রতীক তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।এ সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী’ উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, এমন অবস্থান কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আন্তরিকতা নিয়েও সন্দেহ তৈরি করে।আবেদনে এনসিপি আরও উল্লেখ করে, সার্বিক বিবেচনায় আমরা আশা করি নির্বাচন কমিশন ২০০৮ সালের বিধিমালা সংশোধন করে আমাদের জন্য ১. শাপলা, ২. সাদা শাপলা বা ৩. লাল শাপলা — এ তিনটির মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

একই সঙ্গে কমিশন যেন ইতোপূর্বের একরোখা মনোভাব পরিহার করে এমন সিদ্ধান্ত নেয়, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হয় এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে।