রিকশার বাড়তি ভাড়ার বিকল্প বৈদ্যুতিক শাটল সার্ভিস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি;

ঢাকার ব্যস্ত সড়কে রিকশার ধীর গতি আর অতিরিক্ত ভাড়া বহুদিন ধরেই যাত্রীদের ভোগাচ্ছে। বিশেষত অফিসগামী ও স্কুলগামী পরিবারের জন্য এ খরচ বাড়তি চাপ তৈরি করে। তবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে।রিকশার বিকল্প হিসেবে এক সপ্তাহ আগে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস।

বসুন্ধরার ৩০০ ফিট থেকে অ্যাপোলো হাসপাতালের পকেট গেইট পর্যন্ত চলাচল করছে এ আধুনিক পরিবহন। আপাতত এ রুটে দুইটি শাটল বাস চলাচল করছে।শাটল হলো নির্দিষ্ট রুট ও সময়ে চলাচলকারী ছোট মিনিবাস বা ভ্যানভিত্তিক পরিবহন ব্যবস্থা। এতে একসঙ্গে ১০–১২ জন যাত্রী যাতায়াত করতে পারেন। যেখানে আগে রিকশায় যেতে খরচ হতো ৫০ টাকা, সেখানে শাটলে ভাড়া মাত্র ১০–১৫ টাকা।

এতে যেমন খরচ সাশ্রয় হচ্ছে, তেমনি সময়ও বাঁচছে।একজন শিক্ষার্থী বলেন, “রিকশায় গেলে মা–বাবা সবসময় চিন্তায় থাকতেন। কিন্তু শাটলে আমরা অনেক বেশি নিরাপদে ও সহজে যাতায়াত করতে পারছি।”একজন অভিভাবক জানান, “প্রথমবার শাটল বাসে উঠেছি। যদি নিয়মিত চলে, তবে এটি হবে খুবই সুবিধাজনক।

১৫ টাকা কোনোভাবেই বেশি নয়।”যাত্রীরা মনে করছেন, এ সার্ভিস শুধু সাশ্রয়ী নয়, বরং পরিবেশবান্ধবও। একজন নিয়মিত যাত্রী বলেন, “রিকশায় ভাড়া বেশি, আবার রোদ-বৃষ্টির ঝামেলাও থাকে। শাটল আধুনিক, সুন্দর এবং পরিবেশবান্ধব।”আরেকজন যাত্রী বলেন, “যদি এ সার্ভিস আরও বিস্তৃত হয়, তাহলে সাধারণ মানুষের জন্য দারুণ সুবিধা হবে।”