মৌসুমী বায়ুর প্রভাবে দেশে ভারী বর্ষণের আভাস ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গত কয়েক দিন ধরেই সারা দেশে অস্থির আবহাওয়া বিরাজ করছে—বৃষ্টি আর দমকা হাওয়ার মিশেলে ভেজা পরিবেশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমী বায়ুর অক্ষের একটি অংশ দেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, আরেকটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। যদিও বাংলাদেশের ওপর এর সক্রিয়তা তুলনামূলক কম, তবে বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় সক্রিয়।তিনি আরও জানান, আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা দেশের বৃষ্টিপাত আরও বাড়িয়ে দিতে পারে।আজ সোমবার (১১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।মঙ্গলবার (১২ আগস্ট) রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু এলাকায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শুক্রবার (১৫ আগস্ট) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেশিরভাগ দিনেই প্রায় একই রকম থাকবে, তবে বুধবার সামান্য হ্রাস পেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।