মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় দুই মাসের অধিক সময়ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন কয়েক হাজার মানুষ। সরকারি-বেসরকারি অফিসের দৈনন্দিন কাজকর্মে বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা। প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, জরুরি ও অনলাইনভিত্তিক সেবাও বিঘ্নিত হচ্ছে।
স্থানীয়রা জানান, সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও দুই মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। মহালছড়ি উপজেলার নেটওয়ার্কের অসুবিধার দিকে প্রথম অবস্থানে রয়েছে টেলিটক এবং গ্রামীণফোনের নেটওয়ার্ক সীমিত বিদ্যুৎ চলে গেলেই টাওয়ারের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ার দেখভালে নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা।
আগে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত দুই মাস কোনো তদারকি হচ্ছে না। ফলে অনেক গুলো টাওয়ার অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা।মহালছড়ি বাজারে শিমুল নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী অভিযোগ করে বলেন, মাসখানেক আগে থেকে সব মোবাইল অপারেটরের টাওয়ার নেট সাপ্লাই সার্ভিসে বিঘ্নিত হচ্ছে।
যার কারণে আমাদের মোবাইল ব্যাংক ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পল্লি চিকিৎসক ডা. ছানোয়ার হোসেন জানান, আধুনিক নেটওয়ার্কের সময়ে মোবাইল নেট বন্ধ থাকায় জরুরি সব সেবা বন্ধ হয়ে গেছে। বিপদে বা জরুরি প্রয়োজনে কেউ কারও সঙ্গে যোগাযোগ করতে পারছে না।
এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সার্ভিস নম্বরে যোগাযোগ করা হলেও তারা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। সমস্যা সমাধানের সম্ভাব্যতা জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে এড়িয়ে যান।
