মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় কুরিয়ার ডেলিভারি এজেন্টকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উদয়তারা বুড়িরচর এলাকার মোঃ নাঈম (২২), পিতা-কাঞ্চন হাওলাদার এবং মোঃ রাহাত (২০), পিতা-আঃ কুদ্দুস হাওলাদার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সন্ধ্যা ৭টার দিকে ধানীসাফা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর খান বাড়ি খালপাড় এলাকায় পাঠাও কুরিয়ারের ডেলিভারি এজেন্ট মোঃ মাসুদ রানা ও তার সহকর্মী মোঃ হাসানকে পথরোধ করে মারধর ও ছিনতাই করা হয়। এসময় ছিনতাইকারীরা চাকু ও ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ ২৮ হাজার টাকা ও ৭টি পার্সেল লুটে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী 999 কল করে পরে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত এজাহার দাখিল করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাইম ও রাহাতকে গ্রেফতার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
