ভারতে আওয়ামী লীগের সব অফিস বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতের রাজধানীসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেন অফিস খুলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারে—এ বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এ ধরনের কার্যক্রম দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানায়।বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্রও বিতরণ করেন।

এ বিষয়টি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।বাংলাদেশ সরকারের মতে, নিষিদ্ধ রাজনৈতিক দলের এ ধরনের কর্মকাণ্ড দেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষুণ্ন হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা ঢাকা-নয়াদিল্লি সম্পর্ককেও প্রভাবিত করতে সক্ষম।ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক যেন বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলোও দ্রুত বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।