ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার মহাকাশ স্টেশনে ঐতিহাসিক পদার্পণ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পা রেখে ইতিহাস সৃষ্টি করেছেন নভোচারী শুভাংশু শুক্লা। ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনটি সফলভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার পর, বৃহস্পতিবার ভোরে চার সদস্যের নভোচারী দলটি কক্ষপথে অবস্থিত মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করে। এর আগের দিন বুধবার মিশনটি মহাকাশে উৎক্ষেপিত হয়েছিল।৩৯ বছর বয়সী শুভাংশু শুক্লা এই নভোচারী দলটির গ্রুপ ক্যাপ্টেন এবং পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানটির নেতৃত্বে ছিলেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন। দলের অন্য তিন সদস্য হলেন পোল্যান্ডের স্লাওসজ উজনানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবোর ক্যাপু।

এই চার নভোচারী আগামী দুই সপ্তাহ মহাকাশ স্টেশনে গবেষণা ও বৈজ্ঞানিক কার্যক্রমে অংশ নেবেন।নভোচারী শুক্লা ভারতীয় বিমানবাহিনীর একজন চৌকস কর্মকর্তা। তার এই মহাকাশ ভ্রমণ ভারতের মহাকাশ ও বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর আগে, ১৯৮৪ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সয়্যুজ ক্যাপসুলে চড়ে মহাকাশ পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। দীর্ঘ ৪১ বছর পর শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ গবেষণাকেন্দ্রে প্রবেশ করলেন।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইসা) এবং স্পেসএক্স যৌথভাবে এই মিশনটি বাস্তবায়ন করছে। দুই সপ্তাহের এই ভ্রমণে ক্রু দলটি অন্তত ৬০টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে, যার মধ্যে ৭টি গবেষণার নকশা তৈরি করেছে ইসরো। ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে নিজস্ব উদ্যোগে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠাতে এবং ২০২৫ সালের মধ্যে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ করতে চায়।