বিদায় নেওয়ার জন্য প্রস্তুত লিওনেল মেসি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বিদায় ঘন্টা বাজালেন লিওনেল মেসি দীর্ঘ সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শেষবারের মতো দেখা যাবে তাকে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে।

বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে স্থানীয় দর্শকদের সামনে এলএমটেনকে প্রতিযোগিতামূলক আসরে দেখার শেষ সুযোগ। এই ঐতিহাসিক মুহূর্তের আগে দলের অনুশীলন সেশনও উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য।মেসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন এমএলএসের ম্যাচ চলাকালেই। ভেনেজুয়েলার বিপক্ষে এই খেলায় উপস্থিত থাকবেন তার পরিবারের সদস্যরাও।

যদিও বাছাইপর্বের আনুষ্ঠানিক গুরুত্ব খুব বেশি নেই, কারণ কনমেবল অঞ্চল থেকে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করেছে।তবুও এস্তাদিও মনুমেন্তালের এই ম্যাচ স্থান করে নেবে ইতিহাসের পাতায়। ৩৮ বছর বয়সী মেসি শেষবারের মতো ঘরের মাঠে খেলবেন প্রতিযোগিতামূলক ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের আগে আরেকটি বাছাইপর্ব বাকি থাকলেও ইকুয়েডরের বিপক্ষে সেটি হবে আর্জেন্টিনার বাইরে।২০০৫ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে মেসির ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩-এ, গোল করেছেন ১১২টি।

অলিম্পিক স্বর্ণপদক, বিশ্বকাপ ট্রফি, দুইবার কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব—সবই অর্জন করেছেন তিনি।তবে অনেকের মতে, চাইলে এখনো কয়েক বছর খেলতে পারেন এই ক্ষুদে জাদুকর। আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি বলেছেন— “আশা করি মেসি এখনই সিদ্ধান্ত নেবে না। ভালোভাবে ভেবে দেখুক। কারণ, আমরা কেউই বিদায়ের জন্য এখনো প্রস্তুত নই। বৃহস্পতিবারের পর অন্তত একবার ভাবা উচিত তার।”আন্তর্জাতিক ফুটবলে আর কিছু প্রমাণ করার বাকি নেই লিওনেল মেসির।

তবে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এখনো অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তাই হয়ে উঠছে বিদায়ী উৎসব—যেখানে মেসির পায়ের জাদু উপভোগের আরেকটি সুযোগ পাচ্ছেন স্থানীয় সমর্থকরা।এদিকে, ঐতিহাসিক এ ম্যাচকে ঘিরে সুযোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ মুহূর্তে টিকিটের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে সস্তা টিকিট কিনতেও খরচ করতে হবে ১০০ মার্কিন ডলার, আর ভিআইপি আসনের জন্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত।