বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে প্রায় চার ঘণ্টার নিরলস খোঁজাখুঁজির পর উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

২৩ অক্টোবর (শুক্রবার) বিকালে হাসপাতালের পঞ্চম তলা থেকে শিশুটি হারিয়ে যাওয়ার পর আনসার সদস্যদের দ্রুত তৎপরতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার ফলে রাত ৯টার দিকে হাসপাতালের মাঝগেট থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর স্বজনদের সঙ্গে থাকা শিশু আমিনা (৪) হাসপাতালের পঞ্চম তলা থেকে হারিয়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন স্বজনেরা হাসপাতালের দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সহায়তা চান। এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের পিসি মো. নাগর আলী এর নেতৃত্বে টহল দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধারে তৎপর হন।

শিশুটির সন্ধানে আনসার সদস্যরা হাসপাতালের বিভিন্ন স্থান ও আশপাশে দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে খোঁজাখুঁজি চালান। তাঁদের ধারাবাহিক প্রচেষ্টা ও সতর্ক নজরদারির একপর্যায়ে রাত ৯টার দিকে হাসপাতালের মাঝগেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার মা শাহানাজের হাতে নিরাপদে তুলে দেওয়া হয়। শিশুটির পিতা মো. বাবু তাঁদের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়।

হাসপাতালের মতো জনবহুল ও ব্যস্ত স্থানে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এ ঘটনা আনসার সদস্যদের মানবিকতা, পেশাদারত্ব ও জনবান্ধব দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। দায়িত্ব পালনের পাশাপাশি বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের মানবিক উদ্যোগ জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও বাহিনীর প্রতি আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক।