বরিশাল চরবাড়িয়া পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতায় সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধিঃ

২১ অক্টোবর ২০২৬ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (কালিমাতার মন্দির) এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে চরবাড়িয়া ইউনিয়নের উক্ত পূজামণ্ডপ এলাকায় এ ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত পিসি মোঃ হানিফ হাওলাদার এবং ভিডিপি সদস্য মোঃ সোহানুর রহমান ওই ব্যক্তিকে মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে নজরদারিতে রাখা হয়।একপর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে এসেছেন বলে জানান।

এ ছাড়া তিনি ওই এলাকার বাসিন্দা নন বলেও জানা যায়। গভীর রাতে পূজামণ্ডপ এলাকায় তাঁর উপস্থিতি ও চলাফেরা বিবেচনায় নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়।পরবর্তী সময়ে অধিকতর জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শারদীয় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপে আগত দর্শনার্থী, পূজারি ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন।

পূজামণ্ডপ এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা, সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন তাঁরা।চরবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এলাকায় এ ঘটনায় দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের সতর্কতা ও তৎপরতার বিষয়টি উঠে এসেছে।