নিজস্ব প্রতিনিধি:
বঙ্গোপসাগরে ট্রলারডুবির পাঁচ দিন পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর জেলে মোরশেদ (২০)। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে তাকে উদ্ধার করে কুয়াকাটায় আনা হয়।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সকালে পায়রা বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান। পরে তাকে আরেকটি ফিশিং ট্রলার এফবি বায়েজিদ-এ তুলে দেওয়া হয়।
এফবি বায়েজিদ-এর মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় জেলেটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে জ্ঞান ফিরলে মোরশেদ জানান, পাঁচ দিন আগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৯ জন জেলেকে নিয়ে তারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় ট্রলারটি ডুবে গেলে সবাই সাগরে নিখোঁজ হয়ে যান।
উদ্ধারের পর স্থানীয় জেলেরা প্রথমে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ জানান, দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় মোরশেদকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাকে কলাপাড়ায় পাঠানো হয়েছে।
