নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।তিনি বলেন, “নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য এক মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চায় ইসি।
আমরা একটি সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং ফিল্ড) পরিবেশ নিশ্চিত করতে চাই।”তফসিল ঘোষণার বিষয়ে সিইসি জানান, “যেদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার দুই মাস আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা সৃষ্টি, ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার রোধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
”তিনি আরও জানান, নির্বাচনের পূর্বপ্রস্তুতির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশিত হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ চলছে এবং প্রয়োজনীয় সামগ্রী কেনার কার্যক্রমও চলছে।সিইসি আশা প্রকাশ করেন, “আসন্ন সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের বড় প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন হয়ে যাবে।”
