ফুটপাতে জন্ম, নবজাতক রেখে পালালেন মা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নারী ফুটপাতে সন্তান জন্ম দিয়ে পালিয়ে গেছেন। বর্তমানে নবজাতকটি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, রাতের দিকে একটি শিশুর কান্নার শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে ফুটপাতে রক্তাক্ত অবস্থায় এক নারী ও নবজাতককে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হওয়ার পর নবজাতকের মা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, “রাত দুইটার দিকে স্থানীয়দের মাধ্যমে হোয়াটসঅ্যাপে খবর পাই। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই এবং মা-শিশুকে হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণ পর জানতে পারি, শিশুর মা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।” তিনি আরও জানান, স্থানীয়দের ধারণা অনুযায়ী ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।তিনি যোগ করেন, “শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। সকাল থেকেই অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে দায়িত্বশীল কারও হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে।”উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”