নিজস্ব প্রতিনিধি:
নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে ফজরের নামাজের সময় মসজিদে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মালুমফাশি এলাকার দূরবর্তী উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলা প্রায়ই ঘটে। স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রবেশাধিকারের কারণে দ্বন্দ্ব লেগেই থাকে। এর আগে গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ার এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
