নিজস্ব প্রতিনিধি:
শিক্ষাঙ্গনে সহিংসতার ঘটনায় পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারা আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)-তে অধ্যয়নরত ছিলেন।কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় তারা সেখানে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।
এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে শেষ বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার সময় ওই পাঁচ শিক্ষার্থী মদ্যপ অবস্থায় ছিলেন।
এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বহিষ্কারের সময় তারা ভারতে থাকতে না পারে, সে জন্যই তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
