নৌবাহিনীর অভিযান: বঙ্গোপসাগরে ১৮ কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২ নৌকা আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও মাছসহ ১২টি মাছ ধরার নৌকা আটক করেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ মে) রাতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে নিয়োজিত রয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে।এই অভিযানের অংশ হিসেবে, গত সোমবার ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২টি মাছ ধরার নৌকা আটক করে। আটককৃত নৌকাগুলো থেকে ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা।আইএসপিআর আরও জানায়, এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটক জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় ১৯৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফলভাবে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।