নিজস্ব প্রতিনিধি:
আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘মন্থা’। তবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপকূলে পড়বে না বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি সমুদ্র থাকবে কিছুটা উত্তাল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, নিম্নচাপটির কেন্দ্র থেকে ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় বেড়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমের শেষভাগে বঙ্গোপসাগরে এ ধরনের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এখন এসব ঘূর্ণিঝড়ের ঘনত্ব ও অনিশ্চয়তা বেড়ে গেছে, তাই উপকূলীয় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
