দেশের সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ।

লেখক: Tushar Imran
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সাপের কামড়ে মৃত্যু ও জটিলতা রোধে দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। একইসঙ্গে প্রতিটি উপজেলা সদরের অন্তত দুটি ফার্মেসিতে সাপের কামড়ের অ্যান্টিভেনম মজুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।শনিবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।এর আগে, গত ১৭ আগস্ট হাইকোর্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানির পর ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী, তাঁকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।এর আগে, দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করেই তিনি এ রিটটি দাখিল করেন।