দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আজ, শুক্রবার (৪ জুলাই), দুপুরের মধ্যে দেশের সাতটি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উপরোক্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।সমুদ্রবন্দরে সতর্ক সংকেত এবং বৃষ্টির পূর্বাভাসসক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে আগামী শনিবার (৫ জুলাই) থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে, যা টানা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিসাধারণত জুন মাস বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস হয়ে থাকে, আর জুলাই মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তবে এই বছর জুন মাসে প্রত্যাশিত বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাধারণত জুন মাসে রাজধানীতে গড়ে ৩২১.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এই বছরের জুন মাসে মাত্র ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪৩.৯৭ শতাংশ কম। তবে মে মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।