নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সংঘটিত হামলা আসলে স্বাধীন গণমাধ্যমের ওপরই সরাসরি আঘাত। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে গুরুতর বাধা সৃষ্টি করে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা টেলিফোনে পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে কথা বলেন।দুটি গণমাধ্যমে হামলা মানেই স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই কঠিন সময়ে সরকার আপনাদের পাশে রয়েছে।”
এ সময় তিনি সম্পাদকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি শিগগিরই তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।
