তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪০ জন।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ৪০ জনের মৃত্যু হয়েছে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বুধবার (২২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি তিউনিসিয়ার মাহদিয়া উপকূলের কাছে ডুবে যায়।

দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, এটি চলতি বছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা।তিউনিসিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। ফলে ইউরোপে পৌঁছানোর প্রথম ধাপ হিসেবে অনেক অভিবাসী এই পথটিকেই বেছে নেন।সংঘাত, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে প্রতি বছর হাজার হাজার মানুষ বিপজ্জনক ও অবৈধ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

তবে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে ভেসে থাকতে না পেরে অনেকেই প্রাণ হারান।তিউনিশীয় মানবাধিকার সংগঠন ‘ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস)’–এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী তিউনিসিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত সেখানে নৌকাডুবির ঘটনায় ৬০০ থেকে ৭০০ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৩০০ জনেরও বেশি।