ডোনাল্ড ট্রাম্পের মতে, এই সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হওয়ার “খুব ভালো সম্ভাবনা” রয়েছে।

লেখক: মোঃ তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হওয়ার “খুব ভালো সম্ভাবনা” রয়েছে। তবে এই চুক্তি কী শর্তে হতে পারে, সে সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সোমবার (২১ এপ্রিল) আনাদোলু বার্তা সংস্থা এই তথ্য জানায়।
বার্তা সংস্থাটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলতি সপ্তাহেই একটি চুক্তি হতে পারে এবং তার মতে, এর “খুব ভালো সম্ভাবনা” রয়েছে। সোমবার হোয়াইট হাউসে ইস্টার এগ রোল উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, এই সপ্তাহে মস্কো ও কিয়েভ একটি সমঝোতায় পৌঁছাতে পারে।”
তিনি আরও বলেন, “ইউক্রেন ও রাশিয়া নিয়ে আমাদের দারুণ কিছু বৈঠক হয়েছে।” এ সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রসঙ্গও তোলেন ট্রাম্প। তিনি বলেন, “ইরান বিষয়েও আমাদের ভালো বৈঠক হয়েছে।”
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা সবার সঙ্গেই শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাবো।”
একইসঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন সম্পর্কেও প্রশ্ন করা হয়, যেখানে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেনে পরিকল্পিত বিমান হামলার গোপন তথ্য ব্যক্তিগত সিগনাল চ্যাটে শেয়ার করেছেন। এ নিয়ে ট্রাম্প জোরালোভাবে হেগসেথের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “তিনি দারুণ কাজ করছেন। হুথিদের জিজ্ঞাসা করুন—তিনি কেমন করছেন।”
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২১ সালের শেষ দিক থেকে উত্তেজনা শুরু হয় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ তিন বছরেরও বেশি সময় ধরে চলছে, আর এতে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন।