জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি শেষ ২০ জুলাই পরদিন থেকেই ক্লাস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ জুলাই থেকে শুরু হবে। এর আগে, ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই ২০ জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি চূড়ান্ত করতে হবে।বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো শিক্ষার্থী যদি ইতোমধ্যেই অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে সেই ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তাদের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ পর গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৬ জুন) এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩.২৮ শতাংশ ৫০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন, এবং বাকি ৬৬.৭২ শতাংশ ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন। প্রথম মেধাতালিকায় মোট ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন, যারা আগামী ২৮ জুন থেকে তাদের ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন।