চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আগস্টের ৯ দিনে ১৫ জনের মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

দিন দিন মারাত্মক রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫৫ জন রোগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।ডেঙ্গুর মৌসুম সাধারণত জুলাই মাস থেকে শুরু হলেও এখন প্রায় সারা বছরই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

গত বছরের তুলনায় এ বছরের জুলাই মাসে রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ।এ বছর ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে মারা গেছেন ৯৮ জন। শুধু আগস্টের প্রথম ৯ দিনেই মৃত্যু হয়েছে ১৫ জনের। ২০২৫ সালের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—মোট ৪১ জন।ঢাকার দুই সিটি করপোরেশন জানিয়েছে, এডিস মশা দমন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার বলেন, “প্রতিনিয়ত মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে, তদারকি চলছে এবং সচেতনতা বৃদ্ধির কাজও অব্যাহত রয়েছে।” ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমাদের পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি।”জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা—যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।