নিজস্ব প্রতিনিধি:
কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপন ঘিরে দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই বিজ্ঞাপনকে “ভুয়া” বলে আখ্যায়িত করে কানাডার সঙ্গে নতুন করে কোনো বাণিজ্য আলোচনায় বসবেন না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমি তাকে পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা সম্পূর্ণ ভুল ছিল। বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া।” তবে এ বিষয়ে কার্নির দপ্তর কোনো মন্তব্য জানায়নি।
গত সপ্তাহে এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেন এবং কানাডার পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।বিতর্কিত বিজ্ঞাপনটি প্রচার করে কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়— বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধের জন্ম দেয় এবং কর্মসংস্থান ধ্বংস করে।বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়। ট্রাম্প দাবি করেন, বিজ্ঞাপনটিতে রিগানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
তবে আল জাজিরার তথ্যমতে, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের টিম রিগানের পুরনো ভাষণ থেকে অংশ কেটে এক মিনিটের ভিডিও তৈরি করে, যেখানে ব্যবহৃত বাক্যগুলো মূল ভাষণ থেকেই নেওয়া হয়েছিল।বিতর্ক বাড়তে থাকায় ডগ ফোর্ড বিজ্ঞাপনটি স্থগিত করার ঘোষণা দেন এবং জানান, দুই দেশের চলমান বাণিজ্য আলোচনা টিকিয়ে রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেন, “পারস্পরিক সম্মান বজায় রেখে আমরা আলোচনায় বসতে প্রস্তুত।”উল্লেখ্য, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির কারণে সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
