নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই তারেক রহমান দেশে এসে দলের নেতৃত্ব গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আস্থা রাখে না, তারাই এসব ষড়যন্ত্রে লিপ্ত।
পিআর পদ্ধতিকে বেআইনি আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, সংবিধান ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলা যায় না। আবেগ নয়, বরং জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।
