আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ‘রবীন্দ্রপাঠ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ‘নিমগ্ন পাঠাগার’-এর আয়োজনে ২৫শে বৈশাখ (৮ মে) সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে এই নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নিমগ্ন পাঠাগারের সভাপতি ইমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ পাঠ করেন নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক খাইরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য বংশ পরিচয়ের নানা অজানা ও গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। খাইরুল ইসলাম তার আলোচনায় পিরালী ব্রাহ্মণ সমাজ থেকে ঠাকুর পরিবারের উদ্ভব এবং কুশরী বংশ থেকে কীভাবে তারা ‘ঠাকুর’ পদবী লাভ করলেন, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, আদি নিবাস খুলনা জেলার ফুলতলা উপজেলার পিঠাভোগ গ্রামে হলেও ভাগ্য অন্বেষণে এই পরিবার কলকাতায় স্থায়ী হয়।

প্রিন্স দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে কীভাবে এই পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও জমিদারির দায়িত্ব পালন এবং সেই সুশৃঙ্খল আভিজাত্য কীভাবে রবীন্দ্রনাথের মানসপটে প্রভাব ফেলেছিল, তা তিনি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তোলেন।অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক পিন্টু রহমান, যিনি রবীন্দ্রনাথের ছোটগল্পের মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়াও কবির কবিতা ও দর্শনের ওপর আলোকপাত করেন কবি কাজল আহমেদ। বক্তারা বলেন, রবীন্দ্র দর্শন কেবল বাঙালির পরিচয় নয়, বরং তা বিশ্বজনীন ও শাশ্বত। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র সাহিত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ধরণের আয়োজন অত্যন্ত জরুরি। উল্লেখ্য, সন্ধ্যা ৭ ঘটিকায় শুরু হওয়া এই অনুষ্ঠানটিতে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে আবু বকর সিদ্দিক, হাফেজ আল ইমরান বকুল ও তামজিদ হাসান আবির রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

নাদিউজ্জামান রিজভীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন বিপু, কবি শুয়ায়েব হোসেন টিনু, তামিম হোসেন ডালিম, মুন্সি মুহাম্মদ আব্দুল্লাহ, মাহফুজ আহমেদ ও তাওহিদ খান। সমগ্র অনুষ্ঠানটির সুন্দর ব্যবস্থাপনায় ছিল নিমগ্ন পাঠাগার, আলমডাঙ্গা।