আলমডাঙ্গায় এসএমজের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান কর্মসূচি পালন।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

বিশেষ প্রতিনিধিঃ

“জনকল্যাণে তরুণদের হাতছানি” এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে জুলাই বৃহস্পতিবার হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে সকাল ১০ টা থেকে বাঁধনের চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখার সহযোগিতায় কার্যক্রম শুরু হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সচেতনতামূলক বার্তা ও পারস্পরিক সহানুভূতির মধ্য দিয়ে এই আয়োজন এক মানবিক উৎসবে রূপ নেয়। হাটবোয়ালিয়ার শিক্ষার্থী ও সুধীসমাজের সক্রিয় উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। বৃষ্টির মধ্যেও তিন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউল হুদা, হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকিসহ স্হানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজুর মুর্শিদ কলিন , বাঁধন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সভাপতি মো: রাসেল, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন,কে এম মোর্তুজা।

এই ক্যাম্পেইন ঘিরে আয়োজকদের পাশাপাশি অংশগ্রহণকারীরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন,আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই পারে সমাজে বড় পরিবর্তন আনতে। রক্তের গ্রুপ জানা প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ – এই বার্তা পৌঁছে দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা এবং তরুণদের উদ্যোগ দেখে আমরা আশাবাদী। সামনে আরও বড় কিছু উপহার দিতে পারবো।