আবারও বাড়ল ভোজ্যতেলের দাম।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দেশের বাজারে আবারও বেড়ে গেল ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা এবং খোলা পাম তেলের দাম ১৩ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন এই দাম কার্যকর হবে মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে।সোমবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।নতুন দামের তালিকা অনুযায়ী—প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯৫ টাকা।খোলা সয়াবিন তেল ১৬৯ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭৭ টাকা।খোলা পাম তেল ১৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩ টাকা।পাঁচ লিটারের বোতল সয়াবিন তেল ৯২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৪৫ টাকা।

এর আগে গত এপ্রিল মাসে সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল—তখন বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ১৪ টাকা, খোলা তেলে ১২ টাকা এবং পাঁচ লিটারের বোতলে ৭০ টাকা বাড়ানো হয়। আগস্টে অবশ্য খোলা পাম তেলের দাম কিছুটা কমানো হয়েছিল।

গেল মাসের শেষ দিকে তেলের দাম নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে লিটারপ্রতি ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও, বাণিজ্য মন্ত্রণালয় এক টাকার বেশি বাড়াতে রাজি হয়নি। কিন্তু পরবর্তীতে কোনো ঘোষণা ছাড়াই বাজারে তেলের দাম বেড়ে যায়।জানা গেছে, সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। সেই বৈঠকেই সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।