আটকে পড়া ইরানি হাজিদের সার্বিক সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ইরানের ওপর ইসরায়েলের হামলার জেরে সৌদি আরবে আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। যতদিন না ইরানি হাজিরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারছেন, ততদিন এই সহায়তা অব্যাহত থাকবে।সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি এবং আকাশপথ বন্ধ থাকার বিষয়টি বাদশাহ জানতে পেরেছেন। এ কারণে শুক্রবার (১৩ জুন) তিনি আটকে পড়া হাজিদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানি হাজিদের সহায়তার একটি পরিকল্পনা বাদশাহ সালমানের কাছে উপস্থাপন করলে তিনি হাজিদের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করবে যে হাজিরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সম্মানের সাথে সৌদি আরবে অবস্থান করতে পারবেন। ইরানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং তাঁরা দেশে ফিরে যেতে না পারা পর্যন্ত হাজিরা সৌদি আরবে থাকতে পারবেন।প্রতি বছর হজ পালনের জন্য হাজার হাজার ইরানি সৌদি আরবে আসেন। এ বছরও ১৬ লাখেরও বেশি মুসলিম হজে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন ইরানি। চলতি বছরের হজ আনুষ্ঠানিকভাবে সোমবার (১০ জুন) শেষ হয়। কিন্তু এর কিছুদিন পরই ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যার জবাবে তেহরান তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এর ফলে অনেক ইরানি হাজি হজ শেষ করেও দেশে ফিরতে পারছেন না।এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রতি সমর্থন বাড়ছে। সৌদি আরব, তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাও ইরানের পাশে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইসরায়েলের এই হামলাকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

সূত্র: আরব নিউজ